বুধবার, ৪ মার্চ, ২০২৬

দক্ষিণী টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ, কন্নড় ও তামিল ভাষার অভিনেত্রী নন্দিনী সিএম আর নেই। মাত্র ২৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মধ্যে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেঙ্গালুরুর কেঙ্গেরি এলাকার একটি আবাসন থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে পেয়িং গেস্ট (পিজি) হিসেবে বসবাস করতেন।

পুলিশ ধারণা করছে, নন্দিনী আত্মহত্যা করেছে ২৮ ডিসেম্বর রাত ১১:১৬ থেকে ২৯ ডিসেম্বর রাত ১২:৩০ এর মধ্যে। এদিকে অভিনেত্রীর সহকর্মীরা বলছেন, ২৮ ডিসেম্বর সকালে শুটিংয়ে বেশ স্বাভাবিকই ছিলেন অভিনেত্রী।

জানা গেছে, তামিল ধারাবাহিক ‘গৌরী’–তে নন্দিনীর চরিত্রকে বিষ পান করে আত্মহত্যা করতে দেখা যায়। ওই ধারাবাহিকে তার চরিত্রের মৃত্যুদৃশ্যের শুটিংয়ের কিছুদিন পরই বাস্তব জীবনেও আত্মহত্যার পথ বেছে নেন অভিনেত্রী। প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুতে নিজ বাসভবনেই আত্মহত্যা করেন নন্দিনী সিএম। এই ঘটনায় তার পরিবার, সহকর্মী ও ভক্ত গভীর শোকাহত।