ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবে কি না, সে বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। তবে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছে। একই সঙ্গে এ নির্বাচন ‘পাতানো’ হতে পারে বলে শঙ্কাও প্রকাশ করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ দিন সন্ধ্যায় কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এসব তথ্য জানান।
সরকার ও ইসি নিরপেক্ষ নয়— ইইউ প্রতিনিধিদের জানাল জাপা
জাপা মহাসচিব বলেন, আমরা আশঙ্কা করছি, একটি পাতানো নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। ভোটের পর ভোট বা মিডিয়া ভোট হতে পারে। কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না।
এমন শঙ্কা সত্ত্বেও এ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। শামীম হায়দার পাটওয়ারী বলেন, ‘আমরা ভোটমুখী দল। নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী। আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা যদি সরকার ও নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’
আনিসুল-মঞ্জুর নেতৃত্বে জাপা-জেপিসহ ২০ দলের নতুন জোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দেশে ‘গৃহযুদ্ধ’ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন জাপা মহাসচিব। বলেন, ‘একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠ না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে।’


